দুদকের মামলায় খালাস পেলেন বিটিসিএল এর ৪ কর্মকর্তা
নয় বছর আগে দুদকের করা মামলা থেকে খালস পেয়েছেন বাংলাদেশ টেলিকমিউনেকশন লিমিটেডের (বিটিসিএল) চার কর্মকর্তা। এরা হলেন বিটিসিএল এর সাবেক পরিচালক (পরিদর্শন ) মো. মাহবুবুর রহমান, ওই সময়ের বিভাগীয় প্রকৌশলী (আইটিএস) এ কে এম আসাদুজ্জামান, সাবেক সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) প্রকৌশলী মো. তৌফিক এবং তখনকার ব্যবস্থাপনা পরিচলক মু. আবু সাঈদ খান। এছাড়াও মামলা থেকে নিষ্কৃতি পেয়েছেন যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যারিস্টোকল সার্ভিসেস এর বাংলাদেশ প্রতিনিধি এস এম ইসতিয়াক।
বুধবার দুপুরে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান তাদেরকে খালাস দেন।
সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১২ সালের ৫ নভেম্বর রমনা থানায় এই মামলাটি করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান।
২০১৩ সালের ৩০ জুলাই প্রথমে দুই আসামি মো. তৌফিক, আবু সাইদ খানকে বাদ দিয়ে বাকিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। পরে সম্পূরক অভিযোগপত্রে তাদেরও আসামির তালিকায় যুক্ত করা হয়।
এ মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছেন আদালতের পেশকার শরীফুল ইসলাম।